এককালে ছিল শহরের ছোট্ট একটি ইঁদুর। শহুরে ইঁদুরটি একদিন তার গ্রামের বন্ধু, গেঁয়ো ইঁদুরের সাথে দেখা করতে গেল।
দুটো ইঁদুর খুবই ভালো বন্ধু ছিল আর দেখা করার সুযোগ পেয়ে তারা দুজনেই খুবই খুশি।
গেঁয়ো ইঁদুরটি খুব সাদামাটা তবে দয়ালু ছিল। সে তার বন্ধুকে কিছু খাবার দিল: পাউরুটি, মাখন, পনির আর শিম।
কিন্তু শহুরে ইঁদুর খাবার খাওয়া শুরু করতেই কিছুটা অসুস্থ বোধ করতে শুরু করলো।
গেঁয়ো ইঁদুর জিজ্ঞেস করলো, “তোমার কি খিদে নেই?”
শহুরে ইঁদুর বললো, “অনেক। তবে এ খাবারগুলো শহরের খাবারের মতো নয়। আমার এগুলো খেতে ভালো লাগছে না!”
ইঁদুর দুজন সারাদিন একসাথে কাটালো। গ্রামের আশে পাশে ঘুরে বেড়িয়ে তারা বেশ আনন্দ করলো। আঁধার নেমে আসার পর তারা একজন আরেকজনকে বিদায় জানালো।
শহুরে ইঁদুর বাড়ি ফিরে যাবার আগে গেঁয়ো ইঁদুরকে তার শহরের বাড়িতে সেখানের অসাধারণ খাবার চেখে দেখার জন্য আমন্ত্রণ জানালো।
গেঁয়ো ইঁদুরটি পরের সপ্তাহেই দৌড়ে শহরে গেল। সেখানে সে তার বন্ধুকে খুঁজে পেল।
শহুরে ইঁদুর জানালো, “শহরে আমরা ছ’টা বাজার আগে খাই না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো আর তারপর তুমি নিজেই দেখতে পারবে খাবারগুলো কতো মজার! অপেক্ষা করা পুষিয়ে যাবে!”
সন্ধ্যা হলো, সূর্য ডুবলো। শহুরে ইঁদুর মানুষের অনেক বড় বাড়িতে তার ছোট্ট বাসাটা গেঁয়ো ইঁদুরকে দেখালো।
একটা ইঁদুরের পক্ষে যতো রকমের খাবার কল্পনা করা সম্ভব, মানুষগুলো খাবার টেবিলে তার সব রকম মিষ্টি, মাংস আর পনির সাজালো। এটা ছিল স্বর্গ!
ইঁদুরগুলো তাড়াতাড়ি করে কেক, মাংস আর অনেক রকম পনির খাওয়া শুরু করলো। গেঁয়ো ইঁদুর সংরক্ষণ করে রাখা মাংসের টুকরো আর সালামি খুব পছন্দ করলো। সে সব চেটেপুটে খেল।
যখন তাদের পেট পুরে এলো, তারা ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেলো!
গেঁয়ো ইঁদুর চেঁচিয়ে জানতে চাইলো, “ওটা কি ছিল?” সে জোরালো আওয়াজে ভয় পেয়ে গেল।
শহুরে ইঁদুর চেঁচিয়ে বললো, “সর্বনাশ! ওটা পাহারাদার কুকুরটা”
তারা তাড়াতাড়ি দৌড়ে পালাবার চেষ্টা করলো। শহুরে ইঁদুরের পিছু পিছু গেঁয়ো ইঁদুর বাসায় ফিরে গেলো।
তারা অল্পের জন্য বেঁচে গেল। কুকুরটা ওদের প্রায় ধরেই ফেলেছিল।
গেঁয়ো ইঁদুর হাঁপাতে হাঁপাতে বললো, “দুঃখিত শহুরে ইঁদুর, আমি বাড়ি ফিরে যাচ্ছি এখন! পরে দেখা হবে!”
শহুরে ইঁদুর জিজ্ঞেস করলো, “কেন? তুমি কি আরো মজাদার খাবার খেতে চাওনা?”
গেঁয়ো ইঁদুর জবাব দিল, “আমি বিপদ মাথায় নিয়ে মিষ্টি আর মাংস খাবার থেকে বরং শান্তিতে পাউরুটি, পনির আর শিমই খাব।”
Enjoyed this story?